বগুড়ায় আদালত চত্বরে এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের ওপর ডিম নিক্ষেপ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
এ সময় আদালত প্রাঙ্গণে গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ হয় বলে জানা গেছে।
রাফিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।
এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ঢাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।