পুণ্ড্র ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ০৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আত্মত্যাগ, তাৎপর্য এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পিইউবি কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র অসুস্থ থাকায় তার পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের মোঃ আমিনুল হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মো. নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহস নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা। বাংলা বিভাগের প্রভাষক মোছাঃ সীমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।