দুই দিনের বগুড়া সফরে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু

প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬ ২০:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু দুই দিনের সফরে আগামী ৬ ও ৭ আগস্ট বগুড়ায় আসছেন। সফরকালে তিনি চিকিৎসাবিজ্ঞান, জনস্বাস্থ্য ও সামাজিক উদ্যোগভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট সকাল ৯টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পৌঁছে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সফর শুরু করবেন তিনি। পরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই) আয়োজিত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই সময়ে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) আয়োজিত কার্ডিওলজি বিভাগের হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রামেও অংশ নেবেন।

 

দুপুরের বিরতির পর বিকেল ৩টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

 

একই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়ার হোটেল মম ইন-এ বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) আয়োজিত 'নর্থ-ওয়েস্টার্ন সিম্পোজিয়াম ২০২৬: কার্ডিওভাসকুলার সিম্পোজিয়াম'-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

সফরের দ্বিতীয় দিন ৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবাও প্রদান করবেন।

 

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর এ সফর চিকিৎসা শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।