বগুড়ায় ভাইরাল হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা এবার মাদকসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬ ১৭:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩১৯ বার।

বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ ভেস্ট পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাজেদুল ইসলাম সাগর (৩৭) উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এবং আট মামলার আসামি। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজেদুল ইসলাম সাগর ওই গ্রামের চান মিয়া সরকারের ছেলে।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা-পুলিশ জানতে পারে, নিমগাছি ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম সাগরকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, সাজেদুল ইসলাম সাগর একজন পেশাদার মাদক কারবারি। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।

 

 

এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর ধুনট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সোনাহাটা এলাকায় দায়িত্ব পালনকালে বিট পুলিশিং কার্যালয়ে নিজের বুলেটপ্রুফ ভেস্ট খুলে রাখেন। সে সময় সাজেদুল ইসলাম ওই ভেস্ট পরে ছবি তুলে নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

 

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সাজেদুল ইসলাম সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।