সাপের কামড়ে প্রাণ গেল জামায়াত নেতার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ ১৩:৫৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৮ বার।

চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ইসলামী বক্তা ও জামায়াত নেতা ক্বারী শাফায়াত উল্লাহর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে, রোববার (৩১ মে) রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

 

মারা যাওয়া শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন। তিনি এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

 

জানা গেছে, রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

 

চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির রুহুল আমীন জানান, ক্বারী শাফায়াত উল্লাহ আমার খুব প্রিয় মানুষ ছিলেন। একজন ভালো সংগঠক ছিলেন। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। জামায়াতে ইসলামী সব সময় তার পরিবারের পাশে থাকবে।

 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।