নন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ১৮:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

এক সপ্তাহ পর পবিত্র ঈদুর ফিতর। এরই মধ্যে বগুড়ার নন্দীগ্রামের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটায়। এবছর ঈদের মার্কেটে পুরুষের তুলনায় নারীদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তের কেনাকেটায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। ঈদের দিন নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য তরুণী ও নারীরা পছন্দের পোশাকটি খুঁজে নিচ্ছেন। তাদের পছন্দের তালিকায় রয়েছে থ্রি-পিস, গাউন, জিমুচি ড্রেস এবং শাড়ী। এছাড়া পোশাকের পাশাপাশি ম্যাচিং গয়না, জুতো ও কসমেটিকস কেনার জন্য এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন তাঁরা।

 

নন্দীগ্রাম পৌর শহরে অবস্থিত নিউ মার্কেট, জনতা মার্কেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, খন্দকার মখলেছুর রহমার মার্কেট, জেড ইসলাম সুপার মার্কেট, শুভ প্লাজা এবং মজিবুর রহমান সুপার মার্কেটসহ বিভিন্ন দোকানে ঈদকে কেন্দ্র করে নতুন নতুন পোশাকের সম্ভার সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর থাকছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো।

 

লাকী টেইলার্সের স্বত্তাধিকারী বিমান কুমার জানান, রমজানের শুরুতে বেচাকেনা কম থাকলেও এখন ঈদের মাকের্ট জমে উঠেছে। পুরুষের চেয়ে নারী ক্রেতারা দোকানে বেশি আসছে। আশাকরি এই এক সপ্তাহ আরো ভালো বেচাকেনা হবে।

 

ঈদের মার্কেটে আসা মৌসুমি আক্তার নামে এক তরুনী বলেন, পোশাকের পাশাপাশি ম্যাচিং গয়না, জুতো ও কসমেটিকস কেনার জন্য মার্কেটে নিজেকেই আসতে হয়েছে। চাহিদা মতো জিনিস পাওয়া গেলেও দাম বেশি।

 

নন্দীগ্রাম বস্ত মালিক সমিতির সভাপতি ও আঁচল বস্ত সম্ভারের স্বত্তাধিকারী সাখাওয়াত হোসেন রতন জানান, ঈদকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্যে প্রাণ ফিরে এসেছে। আশা করছি ঈদের আগ পর্যন্ত আরো ভালো বেচাকেনা হবে।

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, সামনে ঈদকে কেন্দ্র করে পুলিশ যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে। ঈদের কেনাকাটা মানুষ নিরাপদে করতে পারছে।