বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬ ১৯:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

 

প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার বলেন, এখন আমাদের দেশ গড়ার সময়। আমরা গুলি খেয়েছি, জেল খেটেছি, পালিয়ে থেকেছি। শত শত মামলা মাথায় নিয়ে দিনের পর দিন আত্মগোপনে থাকতে হয়েছে। তবে সে দিন এখন শেষ। এখন নবরূপে স্বাধীন বাংলাদেশ। এখন আমাদের মূল কাজ দেশ গড়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সবাই মিলে দেশ পুনর্গঠনে কাজ করব।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি সড়কের পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।