বগুড়ায় চিটাগাং নুর হোটেলের জিলাপিতে ‘হাইড্রোজ’, ১২ কেজি ধ্বংস

স্টাফ রিপোরর্টার
প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৬ ২০:৩৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৪৫ বার।

বগুড়ায় জিলাপিতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ পাওয়ায় ১২ কেজি জিলাপি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে শহরের কলোনী বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এসব জিলাপি জব্দ করা হয়।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার কলোনী বাজার এলাকার মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং চিটাগাং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় প্রতিষ্ঠান দুটির বিভিন্ন খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হয়।

 

তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় চিটাগাং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জিলাপিতে মানবদেহের জন্য ক্ষতিকর ‘হাইড্রোজ’-এর উপস্থিতি পাওয়া যায়। পরে বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১২ কেজি ওই জিলাপি জব্দ করা হয়। এরপর সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মো. রাসেল বলেন, ‘জনস্বার্থে খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’