বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলের হান্ডি বিভাগে কাজ করতেন। রোববার তাঁর ছুটির দিন ছিল বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ মহাসড়কের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় রাজুর পরনে লুঙ্গি ও কালো টি-শার্ট এবং পায়ে স্যান্ডেল ছিল। প্রথমে তাঁর পরিচয় জানা যায়নি। পরে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত তাঁর ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।