বগুড়ায় শ্বশুরবাড়িতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু, আহত ৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ অগাস্ট ২০২৬ ১৬:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯০ বার।

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও সাতজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌরসভায় কার্যসহকারী পদে কর্মরত ছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটি নিয়ে মিজানুর রহমান শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে বাড়ির পাশের ‘কৌটার পুকুর’ নামে একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে অন্তত সাতজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁকে বাঁচাতে বাড়ির প্রধান বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাঁর দাবি, পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগটি মূল খুঁটি থেকে অবৈধভাবে নেওয়া হয়েছিল।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল নয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।