বগুড়ার কবি ও ব্যাংক কর্মকর্তা জয়ন্ত দেবের শেষকৃত্য অনুষ্ঠিত
বগুড়া শহরেরর চেলোপাড়ার বাসিন্দা কবি, সম্পাদক, সংগঠক, জয়ন্ত কুমার দেব এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহরের উত্তর চেলোপাড়া বেলতলা মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ব্যাংক, সাংবাদিক, বন্ধু, আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। এসময় বগুড়া লেখক চক্র, সংশপ্তক থিয়েটার, থিয়েটার আইডিয়া, বগুড়া শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, পুবের সাহিত্য আড্ডা, বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শ্রী, মানবাধিকার সংগঠন বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও), প্রকাশ শৈলী, বিভিন্ন কবি ও সামাজিক সংগঠন থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরিবার সুত্রে জানা যায়, গত ২১ জুন দুপুরে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে ২৩ জুন ভোরে কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার দেবের মরদেহ বগুড়ায় নিজ বাসায় পৌঁছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।
চাকুরি জীবনে জয়ন্ত কুমার দেব বাংলাদেশ ব্যাংক বগুড়ায় উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন ও অবসর গ্রহণ করেন।
জয়ন্ত কুমার দেব বগুড়ার বাংলাদেশ ব্যাংকে চাকুরী করার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নিজে পাঠকপণ্যপাঠশালার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন। সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি ৭টি কবিতার বই প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থ করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে, সেই সময় বগুড়ায় বেশ পাঠকপ্রিয়তা পায়। লিটিল ম্যাগ দ্যুতি সম্পাদনা করেছেন নিয়মিত। তিনি দেশের সাহিত্য অঙ্গনে পরিচিত নাম। সাহিত্যকর্ম করতে গিয়ে বগুড়া শব্দ কথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, বগুড়া লেখক চক্র সহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক ছিলেন। শহরের চেলোপাড়ার স্বর্গীয় নগেন্দ্রনাথ দেবের পুত্র। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ছায়া দেব, কন্যা পংক্তি দেব ও পুত্র কাব্য দেবকে নিয়ে তার পরিবার ছিলো।
কবি জয়ন্ত দেব এর জন্ম ২৪ জানুয়ারি ১৯৬৪, প্রয়ান ২১ জুন ২০২৬ ইং , কবি জয়ন্ত দেব এর কাব্যগ্রন্থ (১) করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে, (২) ‘ভাঙ্গা সেতারের সুর’ (৩) মনরূপ নিয়ে বাঁচে কবিতাকার, (৪) ভোর সঙ্গীত তোমাকে খুঁজেছে মনো মেঘের পাড়ে, (৫) জলে জ্বলে তিন নক্ষত্র, (৬) সংসার আগুন জল এই মাতালের নয়, (৭) গল্পের ছায়াগুলো (গল্প সংখ্য), (৮) সম্পাদনা দ্যুতি।