বগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ জুন ২০২৬ ১৪:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৮ বার।

বগুড়ার কাহালুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তামিম হোসেন (১৮) নামের এক ফ্রিজ মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অপর এক সহকর্মী। মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১১ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. খোকনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (১৮)। তাঁরা দুজনেই পেশায় ফ্রিজ মিস্ত্রি ছিলেন।

 

জানা গেছে, সকালে তামিম ও শামীম বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে ফ্রিজ মেরামতের কাজের উদ্দেশ্যে কাহালু বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকার আরেফিন জুট মিলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তামিম। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।