নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের দুইজন যাত্রী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, মতিউর এবং নাজমুল বাড়ি থেক একটি প্রাইভেট কারে করে হিলির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পরে প্রাইভেটকারের ভেতর থেকে মতিউর ও নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।