বগুড়ায় অবৈধভাবে পেট্রোল-অকটেন মজুদ করে বিক্রির অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকার করোনেশন স্কুলের পাশে ‘মা এন্টারপ্রাইজ’ নামের দোকানে অভিযান চালানো হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দোকানটিতে অনুমোদন ছাড়াই প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

 

তিনি বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে, প্রতি লিটার ২০০ টাকায় জ্বালানি বিক্রি করা হচ্ছিল। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ কার্যক্রম চালিয়ে আসছিল।

লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানটির মালিক বিপ্লবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এই কর্মকর্তা।

 

 

অভিযান শেষে জব্দ করা ১৮০ লিটার জ্বালানি সরকার নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।