বগুড়ায় দুই নারীকে বেঁধে বাড়িতে ডাকাতি
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে দুই নারীকে বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল ডাকাত।
শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিভাস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভজিৎ সরকার জানান, ওই বাড়িতে তাঁর মা বাসনা রানী সরকার (৫০), খালা আলপনা রানী সরকার (৪৫) ও নানি বসবাস করেন। তিনি নিজে বগুড়া শহরে থেকে পড়াশোনা করেন। ঘটনার রাতে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালা কেটে ঘরে প্রবেশ করে। পরে দুই নারীকে হাত-পা বেঁধে মারধর করে তারা।
ডাকাতরা ঘর থেকে প্রায় আট ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা এবং কাঁসার থালাবাসন লুট করে নিয়ে যায়।
শুভজিৎ আরও জানান, ডাকাতরা আশপাশের বাড়িগুলোর দরজা বাইরে থেকে আটকে দেয়। ফলে চিৎকার শুনেও কেউ বের হয়ে সাহায্য করতে পারেনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা এখনো মামলা করেননি। তবে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি। একই চক্র শনিবার রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামেও ডাকাতি করেছে বলে ধারণা করা হচ্ছে।