বগুড়ার নিউ মার্কেটে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগে কিশোর আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১৯:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০৯ বার।

বগুড়া শহরের নিউমার্কেট এলাকায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মো. রুহুল আমিন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত রুহুল আমিন বগুড়া সদর উপজেলার বড় কুমিরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে শাহিনুর রহমান শাহিন (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক শাহিনুর শহরের পূর্ব পালশা এলাকার আকরাম হোসেনের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিউমার্কেট এলাকায় লুঙ্গি বেচা-কেনার বিষয়ে ঝগড়া চলছিল। তখন পাশের দোকান থেকে রুহুল আমিন এগিয়ে এসে থামানোর চেষ্টা করলে তার ওপর অতর্কিত হামলা চালায় শাহিনুর। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে শাহিনুর নামের ওই কিশোরকে ধরে ফেলে এবং আহত রুহুল আমিনকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনতা একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।