নাটোরে মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার তেল

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৮:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১০ বার।

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।


অভিযানে একটি পানির ট্যাংকের ভেতর মাটির নিচে সংরক্ষণ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। এ সময় অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল। বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাটোরে মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার তেল


অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয়দের সচেতন থাকারও আহ্বান জানান তিনি।