কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপির মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৭ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৭৮ বার।

ভারতের কলকাতায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম মারা গেছেন।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কলকাতার বেসরকারি হাসপাতাল ফিনিক্স মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেইলিউর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল জেলা রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সরকারি সাদত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করায় নেতাকর্মীদের কাছে ভিপি জোয়াহের নামেই পরিচিত ছিলেন। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।