ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
পুণ্ড্রকথা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোট ভাইয়ের লোহার রডের আঘাতে ইসমাইল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ছোট ভাই আলকাছ মিয়া পলাতক রয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল সাতঘরহাটির মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
জানা যায়, আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলের মধ্যে দুইজন প্রবাসে থাকেন। অপর দুই ছেলে ইসমাইল ও আলকাছ বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার দুপুরে ইসমাইল পাশের একটি মসজিদের দেয়াল রং করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে ছোট ভাই আলকাছ মিয়া পেছন থেকে বড় ভাই ইসমাইলকে লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।