বগুড়ায় তারেক রহমানের দর্শন ছড়িয়ে দিতে পরিবেশবান্ধব সাইকেল র‍্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

যান্ত্রিক কোলাহলমুক্ত, সুস্থ ও পরিবেশবান্ধব শহর গড়ার বার্তা নিয়ে বগুড়ায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনবান্ধব ও পরিবেশমুখী নেতৃত্বের দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ‘আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’ স্লোগানে র‍্যালিটি শুরু হয়। এতে প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন তরুণ অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ প্রদক্ষিণ করে পুনরায় আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে দেশ বাঁচবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্ব তরুণদের সামনে তুলে ধরতেই এ আয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে তরুণ প্রজন্ম তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

 

সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতারাও। তাঁরা বলেন, সুস্থ শরীর ও মানসিক বিকাশে সাইকেল চালনার গুরুত্ব অপরিসীম। বক্তারা জানান, তারেক রহমানের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখায় পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম সানি।