নারীদের জন্য বগুড়ায় চালু হলো বিশেষ বাস, সেবায় থাকছেন নারী চালক-কন্ডাক্টর
স্টাফ রিপোর্টার
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার থেকে শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে দুটি বাস চলাচল শুরু করেছে।
শুধু নারী যাত্রীদের জন্য নির্ধারিত এই দুই বাসের চালক ও কন্ডাক্টরও নারী। সরকারের নতুন এই উদ্যোগে খুশি নারী যাত্রীরা।
মঙ্গলবার বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
শাহিনুল ইসলাম বলেন, “বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে এই বাসের রঙে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি পরিচালনাতেও ভিন্নতা রয়েছে। নারী যাত্রী, নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে বাসগুলো পরিচালিত হবে।”
তিনি বলেন, “মঙ্গলবার থেকে দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলবে। পরবর্তীতে শহরের ভেতরের বিভিন্ন রুটেও এসব বাস চলাচল করবে।”
বিআরটিসি জানিয়েছে, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এই সেবায় যুক্ত হয়েছে। এসব বাসের রং গোলাপি এবং গায়ে লেখা রয়েছে ‘মহিলা বাস সার্ভিস’।