বগুড়ায় বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় সাত দিনমজুর নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশ দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত সাতজনের প্রত্যেক পরিবারের জন্য সরকারি বিধি অনুযায়ী ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে স্বেচ্ছায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।