মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি ব্লেন্ড করে তৈরি হতো নতুন বেকারি পণ্য

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

মার্কেট থেকে ফেরত আসা বিস্কুট ও পাউরুটি ব্লেন্ড করে তা দিয়ে নতুন করে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে বগুড়ায় একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

 বুধবার বিকালে বগুড়া মহানগরের আটাপাড়া এলাকায় ‘বেলাল ফুডস’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে নিরাপদ খাদ্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।

 

 জানা গেছে, বেলাল ফুডসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তৈরি করা হচ্ছিল। সেখানে মেয়াদোত্তীর্ণ এবং বাজার থেকে ফেরত আসা বিস্কুট ও পাউরুটি ব্লেন্ড করে পুনরায় ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করছিল। বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই বেকারি খাদ্য উৎপাদন এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা না মানার বিষয়ও অভিযানে ধরা পড়ে।

 

পরে এসব অপরাধের কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইনে বেলাল ফুডসকে এক লাখ টাকা জরিমানা করেন।

 

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

 

অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারি সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে।