বগুড়ায় ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান
স্টাফ রিপোর্টার
বগুড়ায় একটি ফার্মেসিতে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) নামের দুই ব্যক্তি কেবল ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) কোর্স সম্পন্ন করলেও নিজেদের নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। স্থানীয় মানুষের কাছেও তাঁরা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত হচ্ছিলেন এবং প্রতারণার শিকার হচ্ছিলেন।
তিনি আরও বলেন, অভিযানের সময় ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন তাঁরা।
অভিযানে র্যাব-১২ এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।