বগুড়া সদরে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে বিয়াম মডেল স্কুল, বৃত্তি পেয়েছে ৮৬ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৮:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৩৯ বার।

বগুড়া সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ৮৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪৩ জন ট্যালেন্টপুল এবং ৪৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

 

রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

 

ফলাফল অনুযায়ী, বগুড়া সদর উপজেলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে মোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৪৩ জন, যা মোট ট্যালেন্টপুল বৃত্তির ৫৪ দশমিক ৪৬ শতাংশ। একইভাবে সাধারণ গ্রেডে উপজেলায় মোট ১১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ৪৩ জন, যা মোট সাধারণ গ্রেডের বৃত্তির ৩৬ দশমিক ৪৪ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি পর্যায়ে সদর উপজেলায় এটিই সর্বোচ্চ সাফল্য।

 

এদিকে সদর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

 

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বগুড়া জিলা স্কুল থেকে ২৯ জন ট্যালেন্টপুল ও ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অন্যদিকে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন ট্যালেন্টপুল এবং ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

 

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আগামী দিনেও শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।