১৪ জুলাই বগুড়ায় আসছেন এনসিপি নেতা নাসির পাটওয়ারী ও সারজিস আলম
স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামী ১৪ জুলাই বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
বগুড়ায় আগমনের বিষয়টি নিশিচত করেন দলটির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব এড. আল-ওয়াসি জীম।
তিনি বলেন, আগামী ১৪ তারিখ মঙ্গলবার বগুড়া সদরে পদযাত্রা করবেন নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের। নওগাঁ থেকে দুঁপচাঁচিয়া হয়ে মাটিডালী থেকে বগুড়া মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু করবেন তারা। মহানগরের কাঁঠালতলা মোড় হয়ে নবাববাড়ী সড়ক দিয়ে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে এসে সমাবেশের মাধ্যমে তাদের পদযাত্রা সমাপ্ত হবে। এছাড়াও কেন্দ্রীয় সাংগাঠনিক সমন্বয়ক ইমরান ইমাম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীও উপস্থিত থাকবেন।
বগুড়ায় পদযাত্রা শেষে নাসির উদ্দীন পাটওয়ারী এবং সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মোকমতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানেও তারা জুলাই পদযাত্রায় অংশ নেবেন। এই কর্মসূচীর মাধ্যমে জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রার্থী ও জনসাধারণের সাথে তাদের পরিচয় করিয়ে দেবেন তারা।