মহাখালীর কাউন্টার বন্ধের জেরে বগুড়ায় একতা পরিবহনের কাউন্টারে তালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ ২০:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ঢাকার মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বগুড়ায় একতা পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা।

 

শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা জানান, গত ৭ মে ঢাকার মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার একতা পরিবহনের কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদে গত ১ জুলাই বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শনিবার তারা বগুড়ার ঠনঠনিয়া এলাকায় একতা পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন।

 

শ্রমিকদের দাবি, মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার পুনরায় চালু না করা পর্যন্ত বগুড়ায় একতা পরিবহনের কাউন্টারও বন্ধ থাকবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান বলেন, কাউন্টার বন্ধের বিষয়টি মূলত দুই পরিবহনের মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধের ফল। কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ শ্রমিক ও যাত্রীদের ওপর। দুই প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, আগামী ৭ জুলাই দুই পক্ষের কাউন্টার চালুর বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে শ্রমিকেরা জানিয়ে দিয়েছেন, ঢাকায় শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার চালু না হওয়া পর্যন্ত তাঁরা বগুড়ায় একতা পরিবহনের কাউন্টার খুলতে দেবেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।