বগুড়ায় যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জুন ২০২৬ ২০:১৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৮২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় এক যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা জহুরুল ইসলাম সাগর ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার ভুতবাড়ি গ্রামের সামছুল হকের ছেলে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে জহুরুল ইসলাম সাগর ইয়াবা সেবন করছেন।

 

 স্থানীয়দের ধারণা, তাঁর সঙ্গে থাকা কোনো ব্যক্তি অজান্তে ভিডিওটি ধারণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাননি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

স্থানীয় কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর উপজেলার বিভিন্ন স্থানে দলের নাম ব্যবহার করে জহুরুল ইসলাম নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়।

 

 

এ বিষয়ে বক্তব্য জানতে জহুরুল ইসলাম সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর স্থান হবে না। ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।