কোদাল হাতে বৃদ্ধ মায়ের উঠান পরিষ্কার ও মাটি কেটে সমান করে দিলেন এমপি মোশারফ হোসেন

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২১:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বড়দেরাহার হিন্দু পাড়ায় অসহায় শ্রী খগেন ঠাকুর দম্পতির খোঁজখবর নিতে ও সহযোগিতা করতে গিয়ে আরেক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের চিত্র দেখতে পান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা একটি বাড়িতে অত্যন্ত কষ্টে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তাঁর নিজের সন্তানরাও নিয়মিত খোঁজখবর নেন না। এমপি মোশারফ হোসেনকে কাছে পেয়ে বৃদ্ধা তাঁর হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যান এবং চোখের জল ফেলে নিজের দুঃখ-কষ্টের কথা জানান।

বৃদ্ধার অসহায় অবস্থা দেখে শুধু আর্থিক সহায়তার আশ্বাস দিয়েই থেমে থাকেননি এমপি মোশারফ হোসেন। তিনি নিজেই কোদাল হাতে নিয়ে বাড়ির উঠান পরিষ্কার করেন এবং মাটি কেটে উঠান সমান করে দেন।

"মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন পারি, মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাব।"