বগুড়ার শেরপুরে মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬ ২০:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে গভর্নিং বডির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজের সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে এই খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। তাই শিক্ষকদের দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী বলেন, নারীদের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তাদের জন্য উপবৃত্তি ও অবৈতনিক শিক্ষার উদ্যোগ বিগতদিনে বিএনপি সরকারের সময়ই হয়েছিল। এবারও বিএনপি সরকারের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে সকাল দশটায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর পৌর শহরের টাউন কলোনি পাড়াস্থ শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন। এরপর শেরপুর টাউন কলোনি এজে উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি সিরাজ। এছাড়া শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।