জমি দখল, নির্যাতনের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বৃহষ্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে এর প্রতিবাদে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে মানুষের জোরপূর্বক জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাট এবং নির্যাতন করছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলেনি। তাই এসব সমস্যা সমাধানে দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
উপজেলার মহিষবাথান সর্দারপাড়া গ্রামের ভুক্তভোগী হাসিনা বানু বলেন, ‘মতিন ও তার ভাই লতিফ আমার বাড়ির জমি দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে তাঁরা আমাকে মারপিট করে ঘরের জিনিসপত্র লুটপাট করে এবং বাড়ি ভেঙ্গে দিয়ে জমি দখল করে। এবিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও নেওয়া হয়নি। আমি আমার জমি ফেরত চাই এবং সুষ্ঠ বিচার চাই।’
চককৃষ্ণপুর গ্রামের ভুক্তভোগী হুমায়ূন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা একটি পুকুরে মাছ চাষ করতাম। সেই পুকুরে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ছিলো। হঠাৎ একদিন রাতে মতিনের লোকজন এসে পুকুরের মাছ লুটপাট করে নিয়ে যায়। তিনি প্রভাবশালী হওযায় এ বিষয়ে থানাকে জানালেও কোন সহযোগিতা পায়নি।’
আরেক ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, ‘সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে আমার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।’
কফিল উদ্দিন মন্ডল বলেন, ‘মতিন ভুয়া দানপত্র একটি দলিল করে আমার ক্রয় করা সম্পত্তি জবরদখল করে খাচ্ছে। জমিতে থাকা ২০০ কলার গাছ কেটে ফেলে। আবার ৫লাখ টাকা দাবি করে বলে টাকা দিলে ওই জমিতে যাবো না। পরে থানায় অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।’
অভিযোগের বিষয়ম প্রত্যাখ্যান করে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল বলেন আমার জনপ্রিয়তাই ঈর্স্বানিত হয়ে একটি মহল অপপ্রচার নেমেছে।