জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব আজও জাতিকে অনুপ্রাণিত করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামের এক অনন্য প্রতীক। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দেশপ্রেম আজও জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে ধারণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৩০ মে) বাদ জোহর বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই দোয়া, মিলাদ মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাজার প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার ও নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী। আয়োজক সূত্রে জানা গেছে, শাহাদতবার্ষিকীর এই কর্মসূচি উপলক্ষে দুটি গরু জবাই করে প্রায় দেড় হাজার মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।