বগুড়ায় লিচু চুরির অভিযোগে নির্যাতিত শিশুর পাশে প্রশাসন ও বিএনপি নেতারা
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অভিযোগ তুলে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যেই নির্যাতিত শিশুটির পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
নির্যাতনের শিকার কাওছার (১১) উপজেলার সিহালী সরকারপাড়া গ্রামের রুবেল মন্ডলের ছেলে।
অভিযোগ রয়েছে, পীরব বাজার এলাকার একটি লিচুবাগানে তাকে আটকে রেখে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় তার বুকের ওপর ‘লিচু চোর’ লেখা স্টিকারও লাগিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবিএম সাইফুজামান লোটাসের লিচুবাগানে লিচু চুরির অভিযোগ তুলে শিশুটির ওপর এ নির্যাতন চালানো হয়।
ঘটনার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির তত্ত্বাবধানে উপজেলা বিএনপি ও প্রশাসনের একটি প্রতিনিধিদল কাওছারের বাড়িতে যায়। প্রতিনিধিদলের সদস্যরা শিশুটির পরিবারের খোঁজখবর নেন এবং কাওছারের হাতে লিচুসহ ঈদ উপহার তুলে দেন।
এ সময় নেতারা ও প্রশাসনের কর্মকর্তারা পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারা বলেন, কোনো শিশুকে এভাবে অপমান ও নির্যাতন করা মানবিকতা ও আইনের পরিপন্থী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম ও পৌর যুবদলের সভাপতি আবু শাহীনসহ স্থানীয় নেতারা।