বগুড়ায় দিনমজুরের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা মামলা

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৯:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর পাড়ে নির্জন ঝোপঝাড়ের ভেতর বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে (৪২) ধর্ষণচেষ্টার অভিযোগে গোরাঙ্গ কুমারের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তোভোগী ওই নারীর স্বামী বাদি হয়ে গোরাঙ্গর বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন। দিনমজুর গোরাঙ্গ উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গাইঘাটিপাড়ার জুড়ান মাঝির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গাইঘাটিপাড়ার এক কৃষকের বাকপ্রতিবন্ধী স্ত্রী কয়েক দিন আগে পার্শ্ববতি গাবতলী উপজেলার চরপাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। গত ২২ মে সকাল ১০টার দিকে ভুক্তভোগী নারী একাই বোনের বাড়ি থেকে বাঙ্গালী নদীর পাড়ের ওপর দিয়ে পায়ে হেটে স্বামীর বাড়িতে ফিরছিলেন। ওই পথের ধারে আগে থেকে মাঠে কৃষি কাজ করছিল গোরাঙ্গ। ওই নারী বাড়ির অদুরে নদীর পাড়ে নির্জন স্থানে ঝোপঝাড়ের ভেতর পৌছলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া গোরাঙ্গ বাকপ্রতিন্ধী নারীকে ধর্ষণচেষ্টা করে। এসময় নিজের ইজ্জত বাঁচাতে ওই নারী ধস্তাধস্তির এক পর্যায়ে গোরাঙ্গের হাত থেকে মুক্ত হয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাড়িতে ফিরে স্বামীর কাছে ইশারা-ইঙ্গিতে বিষয়টি প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে ২৩ মে রাতে গোরাঙ্গর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ মামলার আসামি গোরাঙ্গকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।