বগুড়ায় যমুনায় নৌকাডুবির দুই দিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নারী শ্রমিক আঙ্গুরি খাতুনের (৪৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের জেলখানা এলাকার কাছে যমুনা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
আঙ্গুরি খাতুন ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদী–তীরবর্তী বিভিন্ন গ্রামের দরিদ্র নারী-পুরুষ চরের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিন সকালে তাঁরা ইঞ্জিনচালিত নৌকায় নদী পাড়ি দিয়ে চরে যান এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন।
গত ২১ মে সকাল ১০টার দিকে ধুনট উপজেলার বানিয়াজান ঘাট এলাকা থেকে নয়জন নারী শ্রমিক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে উজান মিয়া খোলা চরের দিকে রওনা হন। পথে নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন নৌকার চালকসহ আট নারী শ্রমিককে জীবিত উদ্ধার করলেও আঙ্গুরি খাতুন নিখোঁজ হন।
নিহতের মেয়ে লাবনি আক্তার বলেন, নৌকাডুবির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর মাকে খুঁজে পায়নি। পরে শনিবার সকালে স্বজনদের নিয়ে নৌকাযোগে দুর্ঘটনাস্থল থেকে ভাটির দিকে খোঁজ শুরু করেন তাঁরা। একপর্যায়ে সিরাজগঞ্জ শহরের কাছে যমুনা নদীর মাঝখানে আঙ্গুরি খাতুনের মরদেহ ভাসতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে গিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।