নওগাঁয় কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং বিদেশের রপ্তানির মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সনইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই পার্টনার কংগ্রেস নামে কর্মশালার মাধ্যমে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের আর্থিক উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে। এ কার্ডে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাবেন। এছাড়াও আরও ১০ ধরনের সুবিধা মিলবে এ কার্ডের মাধ্যমে।
তিনি আরও বলেন, উত্তম কৃষি চর্চা করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
আয়োজকরা জানান, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডার অংশ নেন। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।