বগুড়ায় ১৭৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ২১:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩ বার।

বগুড়া শহরের রাজা বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজা বাজারে অবস্থিত ‘জি এ এন্টারপ্রাইজ’ নামের দোকান থেকে প্রায় ১৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ক ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। অভিযানে জেলা পুলিশ সহায়তা প্রদান করে।