কমিটিতে নাম দেখে বিস্ময়, এনসিপি ছাড়লেন দ্যুতি অরণ্য চৌধুরী
পুণ্ড্রকথা ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।
শনিবার (১৮ এপ্রিল) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পান প্রীতি। একই বছরের ১৬ মে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত হন তিনি।
শনিবার দুপুরে এনসিপির জাতীয় নারীশক্তির কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে দ্যুতি অরণ্য চৌধুরীকে যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ‘আমি অনেক দিন ধরেই দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। নতুন কমিটিতে নিজের নাম দেখে সত্যিই অবাক হয়েছি। বিষয়টি জানার পরই আমি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
এই তরুণ নেত্রী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন। পরে ১১ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন মাওলানা রফিকুল ইসলাম খাঁনের কাছে যাওয়ার পর থেকে তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির সঙ্গে বর্তমান কার্যক্রমের অমিল থাকায় তার পক্ষে দলে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে তিনি ভবিষ্যতে দেশ ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন।