বগুড়ায় চার হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
বগুড়ার সদরে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) রাতে ফুলবাড়ী বিসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৯) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৩২)। তাদের বাড়ি শাজাহানপুর উপজেলার খাদাশ ভোলাগাড়ী এলাকায়। বর্তমানে দুজনই শহরের ফুলবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে ফুলবাড়ী বিসিক শাহী মসজিদের পাশের একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। পরে তাদের শোয়ার কক্ষের ড্রয়ার তল্লাশি করে নীল রঙের ২০টি প্যাকেটে থাকা মোট ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার আবুল কালাম আজাদ ওরফে কালামের বিরুদ্ধে ঢাকা, টাঙ্গাইল ও বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবার বাহার জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।