নিউজিল্যান্ডকে উড়িয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ২৩:৫৩ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

ব্যাট হাতে ঝড়, এরপর বোলিংয়ে দাপট—সব মিলিয়ে একতরফা ফাইনালেই টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ভারত ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।

 

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

 

নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন ওপেনার টিম সেইফার্ট। ২৬ বলে ৫২ রান করেন তিনি, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার। এছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ এবং ড্যারিল মিচেল ১৭ রান করেন।

 

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রিত বুমরাহ । মাত্র ১৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এছাড়া অক্ষর প্যাটেল তিনটি উইকেট নেন, আর বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা একটি করে উইকেট পান।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন মাত্র সাত ওভারে ৯৮ রানের ঝড়ো জুটি গড়েন।

 

অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হন রাচিন রবীন্দ্রর বলে। এরপর স্যামসনের সঙ্গে ইনিংস বড় করেন ইষান কিশান। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৭ বলে ১০৫ রানের জুটি গড়েন তারা।

 

স্যামসন ৪৬ বলে ৮৯ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা। অন্যদিকে কিশান ২৫ বলে ৫৪ রান করেন।

 

শেষ দিকে দ্রুত রান যোগ করেন শিভম দুবে। মাত্র আট বলে অপরাজিত ২৬ রান করে ভারতের সংগ্রহ দাঁড় করান ২০ ওভারে ২৫৫/৫।

 

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জিমি নিশাম। তিনি ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি।

 

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখল ভারত।