আরব আমিরাতের বিমানঘাঁটিতে ইরানের হামলা
পুণ্ড্রকথা ডেস্ক
সংযুক্তর আরব আমিরাতের আবুধাবির দক্ষিণে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও আরব আমিরাত যৌথভাবে এই বিমানঘাঁটি ব্যবহার করে আসছে।
শনিবার (৭ মার্চ) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইরান একটি মার্কিন উপগ্রহ যোগাযোগ কেন্দ্র, প্রাথমিক সতর্কতা রাডার এবং অগ্নিনিয়ন্ত্রণ রাডারে আঘাত করেছে।
আলজাজিরা তাৎক্ষণিকভাবে বিবৃতিটি যাচাই করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমান সংস্থা এমিরেটস ঘোষণা করেছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুবাইগামী ও দুবাই থেকে তাদের সব ফ্লাইট স্থগিত করছে। বিমান সংস্থাটি বলেছে, ‘দয়া করে বিমানবন্দরে যাবেন না।’
দুবাইতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়ার পর দুবাই এয়ারপোর্টের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের বিমান হামলার পর আজ শনিবার আন্তর্জাতিক যান চলাচলের জন্য বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সরকারের দুবাই মিডিয়া অফিস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘যাত্রী, বিমানবন্দর কর্মী ও বিমান সংস্থার ক্রুদের নিরাপত্তার জন্য দুবাই ইন্টারন্যাশনালের (ডিএক্সবি) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’