বগুড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন: সেই শিক্ষিকাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৭:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৮ বার।

বগুড়ার ধুনট উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের গণিতের এক শিক্ষিকার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রীতিলতা বর্মন বিষয়টি নিশ্চিত করেন। 

 

তিনি বলেন, বিষয়টি আগে তাঁদের জানা ছিল না। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি গত ২৬ ফেব্রুয়ারি অব্যাহতির আবেদন করেন। তাঁর আবেদন বিধিমোতাবেক গ্রহণ করে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া সদরের আতাউর রহমানের মেয়ে আফরিনা রহমান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান (এনটিআরসিএ)–এর মাধ্যমে সহকারী শিক্ষক (গণিত) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। একই বছরের ১ অক্টোবর তিনি বিদ্যালয়ে যোগদান করেন।

 

 

অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে তিনি নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকে মাসে একদিন এসে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করতেন। পরে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে বেতন উত্তোলন করতেন।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে আফরিনা রহমান অব্যাহতির আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর আবেদন মঞ্জুর করেছেন। এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ৩ মার্চ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।