বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ১৭:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি আগামী ১০ মার্চ (মঙ্গলবার) রাজধানী ঢাকার কড়াইল বস্তি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

 

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়া থেকে এই কর্মসূচি উদ্বোধন করার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি মেনে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, আগামী এপ্রিলে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আচরণবিধি যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন প্রধানমন্ত্রী। তাই স্বচ্ছতা বজায় রাখতে ভোটের আগে তিনি বগুড়ায় কোনো সরকারি কর্মসূচি রাখেননি।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে বিশেষ কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। কড়াইল বস্তি থেকে উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।