বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত নেতা হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১) হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রবিবার রাতে ধুনট উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা- হলেন ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) ও মোছা. বেবী খাতুন (৫২)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুবনগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং ব্যবসা করতেন। এছাড়া সাইফুল জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বে ছিলেন।
র্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, গত ১ মার্চ বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া মৌজার মাহবুবনগর শাহী ঈদগাহ মাঠসংলগ্ন নিজ জমিতে চারজন রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা সেখানে এসে কাজ বন্ধ রাখতে বলেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইয়ার মোহাম্মদ কোমর থেকে একটি ছুরি বের করে সাইফুল ইসলামের তলপেটে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যান।
স্থানীয় লোকজন সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। তবে পথে ওই দিন রাত সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের দুলাভাই আলী আজম (৪৫) বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।