বিশিষ্ট সাংবাদিক রুমন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৪ বার।

বিশিষ্ট সাংবাদিক দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনাব আতিকুর রহমান রুমন-কে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ (অতিরিক্ত সচিব) বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

আতিকুর রহমান রুমন রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। প্রমাতামহ রজিব উদ্দিন তরফদার ছিলেন এ অঞ্চলে বৃটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা। জমিদারদের বিরুদ্ধে প্রজাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ায় তিনি ‘প্রজাবন্ধু’ উপাধি লাভ করেন। প্রজাবন্ধু রজিব উদ্দিন তরফদার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশবন্ধু চিত্ত রঞ্জন এবং শের-ই বাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠজন রজিব ‍উদ্দিন তরফদার কৃষক প্রজা পার্টি থেকে আইন সভার সদস্য নির্বাচিত হন। রজিব উদ্দিন তরফদারের স্মরণে পরবর্তীতে তাঁর বাড়ি শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় ‘প্রজাবাহিনী প্রেস’ নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়। 

প্রজাবন্ধু রজিব উদ্দিন তরফদারের কনিষ্ঠ পুত্র আবু নছর মোহাম্মদ আলী তরফদার ‘প্রজাবাহিনী প্রেস’ পরিচালনা করতেন। ব্যবসার পাশাপাশি তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং গ্রামের বাড়ি সারিয়াকান্দির নারচী ইউনিয়ন পরিষদে দীর্ঘ ২৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সম্পর্কে আতিকুর রহমানের মাতামহ বা নানা। পরবর্তীতে এই নানার বাড়িতেই রুমনের কৈশর কাটে। ধারণা করা হয় নানা বাড়িতে অবস্থানকালেই আতিকুর রহমান রুমন রাজনীতি ও জনসেবার প্রতি আকৃষ্ঠ হয়ে উঠেন। স্কুল জীবনেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর দর্শনে উদ্বুদ্ধ হন এবং পরর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন। সরকারি শাহ্ সুলতান কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ ছাত্র সংসদে নেতৃত্ব দেন। পরবর্তীতে সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৩ সালে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। আতিকুর রহমান রুমন ১৯৯৬ সালে উত্তরাঞ্চলের প্রাচীনতম বগুড়া প্রেসক্লাব-এর সদস্য পদ লাভ করেন। তিনি বগুড়া প্রেসক্লাব-এর নির্বাচিত পাঠাগার সম্পাদক ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

আতিকুর রহমান রুমন ১৯৯৮ সালে দৈনিক দিনকাল– এর বগুড়া অফিসে স্টাফ রিপোর্টার এবং অফিস প্রধান হিসেবে যোগদান করেন। দুই বছরের মাথায় ২০০০ সালে আতিকুর রহমান রুমন দৈনিক দিনকাল-এর প্রধান কার্যালয়ে বদলী হন। এরপর তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি লাভ করেন। দৈনিক দিনকালে সাংবাদিকতার পাশাপাশি দেশের অন্যান্য পত্র-পত্রিকায় জাতীয়তাবাদের পক্ষে লেখা-লেখি অব্যাহত রাখেন এবং রাজনীতিতেও সক্রিয় থাকেন। রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক নির্বাচিত হন। সম্প্রতি তাকে দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে রুমন এক কন্যা সন্তানের জনক।