বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২২৭ বার।

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামের এক মাদক কারবারি সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায় অনিক তার কাছে থাকা চাকু বের করে সুনীলের পেটে ও ঊরুতে উপর্যুপরি আঘাত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সুনীল বাঁশফোড় মারা যায়।

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান জানান, সুনীল বাঁশফোড়কে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে মাদক কারবারি অনিকের নামে ১৫ ফেব্রুয়ারি সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই মাদক কারবারি অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।