ছাত্রসমাজ আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না: গোলাম রব্বানী
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী বলেছেন, জুলাই ও আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না। দেশের তরুণ ও ছাত্রসমাজ অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাজাহানপুরের মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালি পূর্বক অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম রব্বানী বলেন, সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে যায়, তাহলে ইনশাআল্লাহ দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন, তারা শাসক নন—বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। দীর্ঘদিনেও এ হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান জানাবে।
তিনি আরো বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের মাধ্যমেই অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে একটি শক্ত বার্তা পৌঁছে যাবে।
ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, জেলা বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, জেলা প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, জেলা সাবেক অফিস সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া শাহ সুলতান কলেজের সাবেক সভাপতি শাহিন খান, শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ এবং পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলাম।
সমাবেশ শেষে সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালীটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে বি-ব্লক ফ্লাইওভারের ঘুরে সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার সামনে দিয়ে পুনরায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।