বগুড়ায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ কাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলা নির্বাচন অফিসের অডিটোরিয়ামে ওয়েভ ফাউন্ডেশন ও একশনএইড এর সাথে অংশীদারিত্বে, জাতিসংঘ নির্বাচনী সহায়তা কর্মসূচি -এর সহযোগিতায় 'বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP)' শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর সমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ও নারী-নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলোকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর রাজনৈতিক নেতৃত্বের পক্ষে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার পাশাপাশি জাতীয় পর্যায়ে কৌশল প্রণয়ন, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণে সহিংসতা প্রতিরোধে রেফারেল প্রক্রিয়া শক্তিশালী করা, নির্বাচন কমিশন ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নারীর নিরাপদ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন ও ইউএন উইমেন গ্রিপ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ইশরাত জাহান পপি। প্রশিক্ষণে যুব, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। আরও বক্তব্য রাখেন প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড) এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন। তিনি ওয়েভ ফাউন্ডেশনের গ্রিপ প্রকল্পের কার্যক্রমকে যুগোপযোগী, জেন্ডার সংবেদনশীল ও অর্ন্তভুক্তিমূলক বলে উল্লেখ করেন। এ প্রকল্প দ্বারা বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তোলা যেখানে নারী, যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে শাসনব্যবস্থা অধিকতর গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও সুসংহত হবে। এছাড়া নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সহিংসতা মোকাবিলায় বাংলাদেশ নির্বাচন কমিশনে বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় সহজ সেবা প্রাপ্তি, নতুন অভিযোগ ব্যবস্থা গড়ে তুলতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা জোরদার করা, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও নেতৃত্ব এবং সমতা নিশ্চিত করা উদ্দেশ্যগুলোই বাস্তবায়িত হবে।
প্রকল্পের বগুড়া জেলার কমিউনিটি ভলেন্টিয়ার রবিউল ইসলাম নীরবের তত্ত্বাবধানে দিনব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক উপস্থাপনা, অংশগ্রহণমূলক আলোচনা, গ্রুপভিত্তিক সুপারিশ প্রণয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।